দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালেক (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া এলাকার হাজি ইসারত আলী চালকলে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল খালেক নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়াপাড়া এলাকার বছির উদ্দিনের ছেলে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবারও শ্রমিকরা চালকলে ধান সিদ্ধের কাজ করছিলেন। হঠাৎ বিকট শব্দে চালকলের বয়লার বিস্ফোরিত হয়। এতে পুরো এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে যায়। আতঙ্কিত হয়ে শ্রমিকরা ছোটাছুটি শুরু করেন।
পরে ধোঁয়া কিছুটা কমে এলে শ্রমিকরা দেখতে পান, চাতালে আব্দুল খালেক পড়ে আছেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত চার শ্রমিক বর্তমানে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর থেকে চালকলের মালিক পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সময় চাতালে কাজ করছিলেন নারী শ্রমিক হামিদা বেগম। তিনি বলেন, হঠাৎ বিকট শব্দ হয়। এরপর ধোঁয়ার কারণে কিছুই দেখা যাচ্ছিল না। পরে ফিরে এসে দেখি খালেক ভাই পড়ে আছেন। জীবনের ঝুঁকি নিয়ে আমাদের কাজ করতে হয়। চাতালগুলোতে আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। আমরা নিরাপদ পরিবেশে কাজ করতে চাই।
নওগাঁ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করার প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনাস্থলে থেকে তদন্ত করছে। কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা তদন্ত শেষে জানা যাবে।
তিনি আরও বলেন, নিহত আব্দুল খালেকের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
যে আই